আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

অস্কার না জিতলেও এবার চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

পাঁচ দশকেরও বেশি সময় চলচ্চিত্রে কাজ করছেন টম ক্রুজ। ‘টপ গান’, ‘মিশন: ইম্পসিবল’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘মাইনরিটি রিপোর্ট’-এর মতো সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর বৈশ্বিক আয় প্রায় ১৩ বিলিয়ন ডলার।

অভিনয়ের জন্য ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘ম্যাগনোলিয়া’ সিনেমার সুবাদে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন টম। এ ছাড়া ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পান তিনি। তবে এখনো অস্কার জেতা হয়নি এই তারকার।