সাম্প্রতিক সময়ে নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত নাট্যাভিনেত্রী দীপা খন্দকার এবার একই ধরনের চরিত্রে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমায় তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। সিনেমাটি আগামী মাসেই মুক্তি পাবে বলে জানান অধরা খান। এতে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও আব্দুন নূর সজল।
সিনেমার গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে দীপা খন্দকার জানান, চরিত্রের বৈচিত্র্যের কারণে কাজটিতে তিনি যুক্ত হয়েছেন। পর্দা পরিবেশনায় চরিত্রটি দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী। একইসঙ্গে পরিচালক জাহিদ হোসেনের নির্মাণশৈলী এবং সহশিল্পী অধরা খানের অভিনয়ের প্রশংসাও করেন তিনি।
অন্যদিকে, দীপা খন্দকারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অধরা খান বলেন, প্রিয় ও গুণী শিল্পীর সঙ্গে পর্দায় মা-মেয়ের রসায়ন তুলে ধরা তার জন্য অত্যন্ত আবেগঘন ঘটনা। এতে তিনি ‘কুমকুম’ নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। চিত্রনাট্যের চাহিদামতো নিজের মেধা ও পরিশ্রম দিয়ে কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলে জানান তিনি।