অংশগ্রহণমূলক স্থানীয় নির্বাচনের তাগিদ স্পিকারের

স্থানীয় সরকার নির্বাচনে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। তাই এ স্তরের নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত। নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তার আস্থা রয়েছে। এরই মধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।