না খেলেই কেন টেস্ট দল থেকে বাদ সৌম্য?

টেস্ট ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০২১ সালে। এরপর দীর্ঘ বিরতি। এর মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেললেও টেস্ট দলে আর পাচ্ছিলেন না সৌম্য সরকারের। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ফিরলেও একাদশে সুযোগ পাননি তিনি। এবার না খেলেই দল থেকে বাদ পড়লেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যর দলে নেই তিনি। তার বাদ পড়ার পেছনে সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সই কি একমাত্র কারণ?

সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি সৌম্য। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে রানখরায় ভুগেছেন তিনি। তবে ওয়ানডেতে রান না পাওয়ার জন্য সৌম্য টেস্ট দল থেকে বাদ পড়েননি বলেই দাবি নির্বাচকদের।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সম্প্রতি একদিনের সিরিজে সৌম্য সরকারের ব্যাটে রান আসেনি, তবে খুব বেশি দিন আগের কথা নয়, জিম্বাবুয়ের বিপক্ষেই সে একটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই মুহূর্তে তাকে বাদ দেওয়ার পেছনে যৌক্তিক কারণ হলো, দেশে প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। টেস্টে আমাদের নিয়মিত উদ্বোধনী জুটিই হয়তো খেলবে, সে ক্ষেত্রে একাদশে সৌম্যের খেলার সম্ভাবনা বেশ কম ছিল।’

ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতেই সৌম্যকে টেস্ট দলে নেয়নি বিসিবি। বাশারের ব্যখ্যা, ‘আমরা চেয়েছি, সে দলে বসে না থেকে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। যে কারণে আমরা দলে বাড়তি কোনো তৃতীয় ওপেনার রাখিনি, যেন সবাই প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাচ খেলার প্রস্তুতির মধ্যে থাকতে পারে।’

এদিকে টেস্ট দলে সৌম্যর জায়গা না পাওয়ার পাশাপাশি দলে নেই পেসার খালেদ আহমেদও। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। তবে জানা গেছে পারিবারিক কারণে ছুটি নিয়েছেন এই ডানহাতি পেসার।