সৌদি থেকে দেশের মাটির ফিরল শাহেদের নিথর মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি হামলায় নিহত শাহেদের আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তার মরদেহ বহনকারী ইউএস-বাংলার ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে শাহেদের স্বজনরা তার মরদেহ গ্রহণ করেন। এই সময় স্বজদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদের স্থানীয় সময় রাত ১১টায় মরদেহ বহনকারী ফ্লাইটটি জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

এ ছাড়া শুক্রবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহ হস্তান্তরের সময় নিহত পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

একই সঙ্গে নিহতের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ থেকে তার বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে।

এ অর্থ শিগগির ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিহত কর্মীর বিএমইটি কার্ড বা বৈধতার পরিচয়পত্র থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও তিন লাখ টাকা পেতে পারেন। পাশাপাশি বীমা কাভারেজে থাকা সাপেক্ষে তার পরিবার আরও ১০ লাখ টাকা আর্থিক সুবিধা পেতে পারেন।

গত ১০ অক্টোবর বিকাল সোয়া ৩টায় বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনি হুতি গোষ্ঠী।ওই হামলায় শাহেদসহ দুই বাংলাদেশি নিহত হন। শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।