হামলার চারদিন পরে টাইগার শ্রফের আঘাতের ভিডিও প্রকাশ

গুলির ঘটনায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ঘটনার চার দিন পর তাঁর হাতে আঘাতের চিহ্নের একটি ভিডিও প্রকাশ করেছে অভিনেতার সহযোগী দল। ভিডিওতে টাইগারের হাতে ছোট ছোট লাল দাগ দেখা গেছে। গুলি থেকে ছিটকে আসা পেলেটের আঘাতেই এসব ক্ষত হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর আনন্দবাজার। 

ভিডিওটির সঙ্গে লেখা হয়েছে, ‘ঈশ্বর সত্যিই দয়ালু।’ ছেলের হাতে আঘাতের চিহ্ন দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর মা আয়শা শ্রফ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটির নিচে মন্তব্য করে তিনি লেখেন, ‘ঈশ্বর মহান।’ টাইগারের বাবা জ্যাকি শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে ভিডিওটি প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গুলির ঘটনার পর টাইগারের হাত ব্যান্ডেজে ঢাকা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশিত হয়েছিল। কিন্তু ঘটনার দুই দিন পর মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার অভিনেতার সঙ্গে দেখা করে যে ছবি প্রকাশ করেন, তাতে তাঁর হাতে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এ নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, এত দ্রুত কীভাবে সুস্থ হয়ে উঠলেন অভিনেতা? কেউ কেউ হামলার ঘটনা নিয়েও সংশয় প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে হাতে আঘাতের চিহ্নের ভিডিও প্রকাশ করল টাইগারের সহযোগী দল।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে বাড়ি ফেরার পথে গুলির মুখে পড়েন টাইগার। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে দুই দুষ্কৃতী গুলি চালায়। মোট সাতটি গুলি ছোড়া হয়েছিল, যার মধ্যে পাঁচটি গাড়িতে লাগে বলে জানা গেছে।

ঘটনায় টাইগার গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও তাঁর গাড়িচালকসহ আরও একজন আহত হন। এ ঘটনায় ২২ অক্টোবর পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।