মুক্তিপণের পর বাড়ি ফিরলেন অপহৃত ছাত্রদল নেতার ভাই

কক্সবাজারের টেকনাফে অপহৃত যুবক মো. রফিককে অবশেষে ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে অপহৃতরা তাকে ছেড়ে দিলে দক্ষিণ শিলখালী পাহাড়ি এলাকায় নিজ বাড়িতে ফেরেন তিনি।

উদ্ধার হওয়া মো. রফিক স্থানীয় দক্ষিণ শিলখালী এলাকার মমতাজ আহমেদের ছেলে ও বাহারছড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবদুল্লাহ কায়সারের ভাই।

পরিবার জানায়, শুক্রবার দুপুরে অপহরণ চক্র গোষ্ঠী তাকে ছেড়ে দেয়। তিনদিন আগে তার সুপারি বাগান থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মো.রফিককে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে তুলে নিয়ে যান। পরবর্তীতে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়াও হয়।

অপহরণকারীরা প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত ৪ লাখ টাকায় সম্মত হয়ে তাকে ছেড়ে দেয়।

অপহৃত যুবকের ছোট ভাই ছাত্রদল নেতা আবদুল্লাহ কায়সার বলেন, স্বজনের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তারা বাধ্য হয়ে অপহরণকারীদের দাবি করা মুক্তিপণের টাকা পরিশোধ করেন। তাছাড়া ভাইয়ের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হই। পরে অনেক অনুনয়-বিনয়ের পর ৪ লাখ টাকা মুক্তিপণে রাজি হয়। আমরা টাকা পরিশোধ করার পর দুপুরে তারা ভাইকে পাহাড়ি এলাকায় ছেড়ে দেয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সাঈদ বলেন, পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার যে দাবিটি করা হচ্ছে, সেটি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এই অঞ্চলে সক্রিয় অপহরণ চক্রের সদস্যদের চিহ্নিত করতে আমাদের তদন্ত ও বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পাহাড়ি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।