পাবনায় মাদক মাপার স্কেলসহ গ্রেপ্তার ১

পাবনা সদররে মাদকবিরোধী এক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক মাপার ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ রাজু খাঁ নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মালঞ্চি গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু খাঁ (৪৬) পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া এলাকার মৃত আনছার খাঁর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন খবর পেয়ে উপপরিদর্শক জামালুর রহমানের নেতৃত্বে একদল কর্মকর্তা মালঞ্চি গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও ওজনের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল পরিমাপক স্কেলসহ রাজুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক জামালুর রহমান বাদী হয়ে অভিযুক্ত রাজু খাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

এ ছাড়া আসামির বিরুদ্ধে আগে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসেই এ পর্যন্ত ৮৯ জন মাদক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।