জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘এখন একজন মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারেন না। একটি মধ্যবিত্ত পরিবার মাসে যত ডিম খেত, এখন তা অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে হয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনারা দেখবেন, জ্বালানিমন্ত্রীকে কথাও বলতে দেয়া হয় না।’
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একদিকে সন্ত্রাস ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধীদলের ওপর দমন-পীড়ন চলছে। সাংবাদিকদের ওপরও সবচেয়ে বেশি দমন-পীড়ন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সাংবাদিকদের মেরে ফেলার কথা বলা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও আমরা দেখেছি। দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে চাইলে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।