বই পরিচিতি

গ্রিশকা ও মহাকাশচারী

গ্রিশা একটা ছেলের নাম। তবে সে ছিল ভীষণ দুষ্টু। অন্যদের সঙ্গে খুনসুটি করতে তার ভারী আনন্দ হতো। সে এত দুষ্টু ছিল যে কেউ তার নাম গ্রিশা বলে ডাকত না। তাকে ডাকত গ্রিশকা বলে। একদিন দুষ্টুমি করতে গিয়ে ভীষণ নাস্তানাবুদ হলো ভানিয়া নামের ছেলের কাছে। সে ঠিক করল, তাকে এর প্রতিশোধ নিতে হবে। এর জন্য হতে হবে, পালোয়ান। কীভাবে পালোয়ান হবে সেটা বুঝতে না পেরে সে ঠিক করল তাদের শহরে যে মহাকাশচারী বাস করে তার কাছে যাবে। মহাকাশচারী ছিলেন ভীষণ জ্ঞানী আর ভালোমানুষ।

মহাকাশচারী আসলে ভালোমানুষ ছিলেন। তিনি গ্রিশকাকে পালোয়ান হওয়ার বুদ্ধি বাতলে দিলেন। যদিও মারপিটের জন্য পালোয়ান হওয়ার বুদ্ধিতে সায় দিলেন না। তো, গ্রিশকা মহাকাশচারীর মহাকাশযান নিয়ে ছুটে চলল। সেখানে দেখল সে আশ্চর্য সব জিনিস। আকাশের পর আকাশ। অনেক রকম গ্রহ। অনেকগুলো চাঁদ। আরও ঘটনা দেখল, যা সে দেখবে স্বপ্নেও ভাবেনি।

কি, বন্ধুরা, তোমরাও কি গ্রিশকার সঙ্গে মকাশানযানে চড়ে মহাকাশে যেতে চাও? তাহলে পড়তে পারো, আনাতোলি মিতিয়ায়েভের গ্রিশকা ও মহাকাশচারী বইটি। লেখক বইটি উৎসর্গ করেছেন তোমাদের মতো স্কুলপড়ুয়া শিশুদের। আর বইয়ে সুন্দর সুন্দর ছবি এঁকে গ্রিশকার অভিযানকে রঙিন করে তুলেছেন ইউরি মোলোকানভ।

বইটি তোমাদের ভীষণ ভালো লাগবে তা আমি নিশ্চিত জানি।