রামপুরায় পুলিশের ওপর হামলার চেষ্টা, ব্যাগে মিলল হেরোইন

রাজধানীর রামপুরায় পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় দুই পুলিশ সদস্যকে ধাক্কা দেন তারা। পরে পুলিশ ধাওয়া করলে সঙ্গে থাকা চাপাতি দিয়ে পুলিশ সদস্যদের আঘাতের চেষ্টা করেন। এরপর তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে এক হাজার ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রামপুরার ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মো. মানিক (৩০) ও আলী (২৯)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, শুক্রবার সকালে ওই এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় রামপুরা ব্রিজ থেকে মালিবাগগামী একটি মোটরসাইকেলকে কাগজপত্র যাচাইয়ের জন্য থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি থামাতে সক্ষম হন।

এ সময় মোটরসাইকেলের চালক মানিক ও আরোহী আলী সেটি ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে সঙ্গে থাকা চাপাতি দিয়ে পুলিশকে আঘাতের চেষ্টা করেন তারা। পরে দুজনকেই আটক করা হয়।

এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, মোটরসাইকেলের আরোহী আলীর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ২১টি প্যাকেটে মোড়ানো এক হাজার ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

আটক দুজনের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও তিনটি মোবাইল ফোন, একটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতসহ রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।