আসাদগেটে ভরদুপুরে ছিনতাইয়ের প্রস্তুতি তিন যুবক গ্রেপ্তার

রাজধানীর আসাদ গেট এলাকায় ফাঁকা সড়কে দিনেদুপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে পুলিশের হোন্ডা মোবাইল ডিউটির সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

মোহাম্মদপুর থানার এসআই হুমায়ুন কবীর জানান, হোন্ডা মোবাইল ডিউটি করার সময় আসাদ গেট এলাকা থেকে ওই তিন যুবকের ছিনতাই চেষ্টার প্রস্তুতির বিষয়টি চোখে পড়ে। পরে তাদের আটক করা হয়। তাদের অপরাধসংক্রান্ত তথ্য পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৫টার দিকে সুইচগিয়ার হাতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় মো. হাসনাইন (২৬) নামে আরেক যুবককে আটকের তথ্য জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। থানার ওসি মো. আব্দুল হালিম জানান, মোহাম্মদপুর থানাধীন মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কিশোর গ্যাংয়ের ২ নেতা গ্রেপ্তার : এদিকে কিশোর গ্যাং গ্রুপের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল জানিয়েছেন তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা।

তিনি জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে ফিউচার মডেল টাউন থেকে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সাত মামলার আসামি ও কিশোর গ্যাং লিডার ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করা হয়েছে। আর রাত সাড়ে ৯টার দিকে বোটঘাট এলাকা থেকে কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।