ভাটারায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মীর উদ্ধার মরদেহ

রাজধানীর ভাটারা থানাধীন একটি নির্মাণাধীন ভবন থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘরের ভেতর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। আলমগীর নির্মাণাধীন ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। মরদেহের গলায় আঙুলের ছাপ, ডানপায়ের হাঁটুর নিচে ক্ষত, কানের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।