আ. লীগের সঙ্গে ১১ দলের আঁতাতের অভিযোগ অসত্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের বিষয়ে সরকারের অভিযোগকে ভুয়া ও অসত্য বলে দাবি করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। উল্টো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেছেন, থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে বিএনপি এসব অভিযোগের বিষয়ে কথা বলছে না। 

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ এক ব্রিফিংয়ে এ কথা বলেন। এ দিন বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দল। এ দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-কুষ্টিয়ামুখী এ কর্মসূচি পালিত হবে। পরে মাদারীপুর-শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরী চত্বর ও স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লি মোড় এবং ঝিনাইদহ-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা হবে। এরপর কুষ্টিয়া জেলা হাইস্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

১১ দলীয় ঐক্যের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের বিষয়ে সরকারের অভিযোগকে ভুয়া ও অসত্য দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গোয়েন্দা সংস্থার তৈরি করা রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সরকারের কাছে এ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলে তা প্রকাশ করা হোক। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই রিপোর্ট যে আপনারা বানিয়ে দিয়েছেনÑ এটা বুঝতে আমাদের আর বাকি নাই।’ ব্রিফিংয়ে আরও ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন প্রমুখ।