রবিবার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর (রবিবার) আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে দেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণেই আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডোরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য আইনজীবীরা উপস্থিত থাকবেন।

প্রথম কার্যদিবসে সকালের দিকে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকার কারণে ওইদিন হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকালের পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে।