টানা আটদিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে আজ শনিবার (২৪ অক্টোবর)। সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোড কাজে প্রায় তিন হাজার শ্রমিক যোগদান মধ্যে দিয়ে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসছে।
বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে ছুটির এই কয়েকদিন বন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, টানা আট দিন বন্ধের পর সকাল থেকে ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের উভয়পাশে যানজট ও পণ্যজট দেখা দিয়েছে। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
সকাল থেকে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে বলে জানান তিনি।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিন এই বন্দর দিয়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এতে করে সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। আট দিন বন্ধ থাকায় সরকার প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।