মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন মন্ত্রী এ সব কথা বলেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসেরসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে- কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এসময় বেতন ভাতা বাড়ানো দাবিসহ, নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।