নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে অটোরিকশায় মাইক লাগিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রচার চালানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৪ অক্টোবর) নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কাশোাঁড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ (৪৩), মান্দা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার (৫০), উপজেলার নলতৌড় গ্রামের নুরুল ইসলাম নূর (৪১) ও মো. মামুন (৫৫)।
পুলিশ সুপার জানান, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নেতাকর্মীদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ছোট মুল্লুক গ্রামে একটি অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্যে প্রচার চালানো হয়। পরে ওই মাইকিংয়ের ভিডিও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। মান্দা উপজেলা যুবলীগের সদস্য আসলাম হোসেন টিপু অটোরিকশায় বসে এই মাইকিং করেছেন।
সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিতে দেখা যায়, শুরুতেই যুবলীগের আসলাম হোসেন টিপু মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য জাতি ও ধর্মের লোকেদের আদাব ও শুভেচ্ছা জানান। বাংলাদেশের সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের মাটিতে পদার্পন করবেন। আপনারা দলমত নির্বিশেষে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপর হয়ে ওঠে। অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।