ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া ওই গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে।

শিশুটির ফুফা সাবদার হোসেন জানান, বাড়ির পাশের রাস্তার ধারে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর সেখানে পৌঁছালে সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, রাস্তার পাশে খেলার সময় ট্রাক্টরের হর্ন শুনে রাস্তা পার হতে গিয়ে শিশুটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক মাসুদ (নজরুলের ছেলে) পালিয়ে যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টরচালক পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।