সবুজবাগে শতাধিক শিক্ষার্থী-শিক্ষকের মাঝে খাবার বিতরণ

রাজধানীর সবুজবাগে এতিমখানার শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করেছে লায়ন্স ক্লাব ঢাকা ইউথ চেম্বার। সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে এ খাবার বিতরণের আয়োজন করা হয়।

আয়োজিত এ মানবিক সামাজিক কর্মসূচিতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ক্লাব কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ঢাকা ইউথ চেম্বারের সভাপতি (প্রেসিডেন্ট) লায়ন প্রকৌশলী আব্দুল আলী সরকার, সদ্যবিদায়ী সভাপতি (আইপিপি) লায়ন প্রকৌশলী মোর্শেদুল আলম মানিক এবং রিজিয়ন চেয়ারপার্সন লায়ন প্রকৌশলী মোহাম্মাদ আওলাদ হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিটিজেন হোল্ডিংসের পরিচালক (প্রশাসন) খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, পরিচালক (প্রজেক্ট) খন্দকার অধুদ রানা এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও দুস্থদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।