ব্যাংকের সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন সময় অতিরিক্ত ছুটি থাকায় ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীরা বাধার মুখে পড়েন। ঈদ, পূজা, বড়দিনসহ বিভিন্ন উপলক্ষে বছরে ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। সমিতির দাবি, এর ফলে ব্যবসায়ীদের ঋণের সুদের হার ১৪ থেকে ১৫ শতাংশ থেকে বেড়ে ২৫ থেকে ৩০ শতাংশে দাঁড়ায়।

সমিতির মতে, দীর্ঘ ছুটির কারণে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ খুচরা ও পাইকারি ব্যবসার লেনদেন ব্যাহত হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাসায় রাখতে হয় ব্যবসায়ীদের। এতে তাঁদের নিরাপত্তাঝুঁকি বাড়ে এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকিং সেবাও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সমিতি।

ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক লেনদেন বজায় রাখার স্বার্থে দীর্ঘ ছুটির প্রবণতা থেকে দেশকে মুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।