ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট। 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প’-এর আওতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্মপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর বিকাশ চক্রবর্ত্তী ও রাজন দত্ত মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তারা বলেন, মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি, সাহিত্য-সংস্কৃতির চর্চা বৃদ্ধি এবং জ্ঞান ও সৃজনশীলতার বিকাশে ভ্রাম্যমাণ লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য, শিক্ষার্থী, পাঠক-পাঠিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘আলো আমার আলো’ গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। পরে সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লালনগীতি ও নৃত্য পরিবেশন করা হয়। সাংস্কৃতিক পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।

প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে পাঠকসেবা কার্যক্রম পরিচালনা করছে।