বাজে ব্যাটিংয়ের কোপ পড়লো কোচের ওপর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ করেছে আগেই তাকে এই দায়িত্ব থেকে অপসারণ  দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত আসন্ন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই আসর পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আশরাফুলের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি।

২০২৫ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শুরুতে তাকে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। এই সময়ে কয়েকটি ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও সামগ্রিক ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছে বোর্ড। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে আশরাফুলকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে ব্যাটারদের নিয়ে কাজ করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

এদিকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কোনো বিদেশি কোচকে নিয়োগ দেয়নি বিসিবি। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই পদে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা করছে বোর্ড। এ লক্ষ্যে ক্রিকেট অপারেশন্স বিভাগ তিনজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আলোচনায় পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাবেক তিন ক্রিকেটারের নাম।