আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গতকাল ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে, এ সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।

কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি। 

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আসিফ আকবর কোনো মন্তব করেননি।

সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তার বড় ভাই মোহাম্মদ আনিস আকবর। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভালোভাবে যাচাই করলে হামলার সূত্র পাওয়া যেতে পারে। একই সঙ্গে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এমন ঘটনা অনাকাক্সিক্ষত বলেও মন্তব্য করেছেন তিনি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার। তিনি সেখানে ঘুরে দেখেন, কথা বলেন আসিফ আকবরের সঙ্গেও। সাংবাদিকদের তিনি জানান, আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা গুলি চালিয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি।’

ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার নিজ কার্যালয়েই ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে হাতিরঝিল থানার পুলিশ যান। গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।