ফিডব্যাকের সুবর্ণজয়ন্তী, বছরজুড়ে নানা আয়োজন

দেশের ব্যান্ড সংগীতে উজ্জ্বল ও গৌরবময় এক নাম ফিডব্যাক।  চলতি মাসেই প্রতিষ্ঠার ৫০ বছরে পা রেখেছে ফিডব্যাক। ১৯৭৭ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করা এই দলটি সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে বছরজুড়ে নানা পরিকল্পনার উদ্যোগ নিয়েছে। তার মধ্যে রয়েছে নতুন একগুচ্ছ গান শ্রোতাদের উপহার দেয়া ও একাধিক কনসার্ট। তবে সবচেয়ে বড় আয়োজন হবে আগামী বছরের অক্টোবর মাসে। ওই সময় দেশের সব ব্যান্ডদল ও তারকাদের একমঞ্চে হাজির করে মহামিলনমেলায় পরিণত করা হবে।

গতকাল শনিবার বিকেলে ডেইলি স্টারের এ এস মাহমুদ সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। ‘ফিডব্যাক : ৫০ নট আউট’ শিরোনামের এই সংবাদ সম্মেলনে ব্যান্ডলিডার ফোয়াদ নাসের বাবু বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর শ্রোতাদের কাছে তাদের গান পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ সংগীতযাত্রাকে স্মরণীয় করে রাখতে নতুন ও পুরনো গানের মেলবন্ধনে সাজানো হচ্ছে সুবর্ণজয়ন্তীর আয়োজন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশ, পুরনো জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন এবং ব্যান্ডের ইতিহাস নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছি। 

ফোয়াদ নাসের বাবু ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাবু রহমান, দলটির প্রথম ম্যানেজার হাফিজুর রহমান, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, সংগীতশিল্পী রফিকুল আলম, বামবার সভাপতি হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের সুমন, রেনেসাঁ ব্যান্ডের পিলু খান ও অবসকিউর ব্যান্ডের টিপু। এ ছাড়াও মার্চেন্ডাইজ পার্টনার অঞ্জনসের কর্ণধার শাহীন আহমেদ, ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিষ চক্রবর্তীসহ আরও অনেকে।