তাঁতিদের জন্য সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

তাঁতিদের সুতা, রঙ ও কাঁচামালের সরবরাহ সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি। একইসঙ্গে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে প্রান্তিক তাঁতিদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, সংসদ সদস্য এস এম ফয়সল, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, মো. আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার ও মাহবুবা হাকিম অংশ নেন।

 বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয় গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

সভায় প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি। পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানগুলোকেও টেন্ডারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

 বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যান্ত্রিকীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।

দিনাজপুরের রানীর বন্দরে তাঁত বোর্ডের কার্যালয়ের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলো লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।