ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্র দূতাবাসের

অপরাধের মামলায় গ্রেপ্তার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে এ মর্মে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য একটি নতুন এবং কঠোর সতর্কবার্তা জারি করেছে। গতকাল শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন সতর্কবার্তায় বলা হয়েছে কোনো ব্যক্তি অপরাধের দায়ে গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। ফলে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

চলতি অক্টোবর মাসেই আগের এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে ভিসা বাতিলের পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং ফৌজদারি মামলা বা আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারে।