মাদ্রাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে। কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এ সময় বেতন-ভাতা বাড়ানোর দাবিসহ নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।

ইমামদের ভাতা দেওয়ার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারেক রহমান ইমামদের ভাতা দেওয়ার কথা চিন্তা করেছেন। এ দেশের ইমামরা বিএনপির কাছে মাথার তাজ, কলিজার টুকরা। তাদের সম্মান দিতে হবে। বিষয়টি তারেক রহমান উপলব্ধি করেছেন। এরই মধ্যে ইমামরা ভাতা পাওয়া শুরু করেছেন।

ইমামদের সামাজিক ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষের পাশে থেকে ইমামরা দ্বীন ও সমাজের খেদমত করছেন। সাধারণ মানুষ অনেক সময় ইমামদের গুরুর চেয়েও বেশি সম্মান করেন। শুক্রবারের বয়ান তারা মনোযোগ দিয়ে শোনেন। পরিবারের কেউ অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে দোয়া চাইতে ইমামদের কাছে যান।