জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এ বিষয়ে বিএনপি এরই মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে।’
দেশে নতুন করে কোনো অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে নাএমন হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
সরকারের ইতিবাচক অর্জনের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, ‘বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখন যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে, যা সরকারের সঠিক নীতিরই প্রতিফলন।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি : দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট : স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তির এই চক্রান্তের মাধ্যমে ভাষার মূল রূপ বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে যত চক্রান্তই হোক না কেন, এ দেশের মানুষের ভেতরেই যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ক্ষমতা রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন নতুন রূপ চাপিয়ে দেওয়াটা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ।’
সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নবিষয়ক সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ-গবেষক ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুস্তফা মজিদ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম। এ ছাড়া সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংবাদিক-কূটনীতিক গাজীউল হক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের আহ্বায়ক ও জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান, যুগ্ম আহ্বায়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।