নিজেকে বিএনপি নেতা দাবি করলেন ইউএনও

মঞ্চে বসে আছেন ইউএনও, থানার ওসি, ইউপি চেয়ারম্যানসহ বিএনপির অন্যান্য নেতা। বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বক্তব্য চলাকালে ওসি চুপচাপ বসে থাকলেও মুহুর্মুহু হাততালি দিয়ে এমপির বক্তব্যকে সমর্থন জানাতে থাকেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ইউএনও গোলাম রব্বানী সরদার। এক মিনিট ৩৯ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়। এ বিষয়ে মতামত জানতে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকরা ওই ইউএনওকে ফোন করলে তিনি বলেন, ‘লিখে দেন ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ, আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে।’

সম্প্রতি পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শনে যান সংসদ সদস্য জাহিদুর রহমান। একটি পূজাম-পে বক্তব্যের একপর্যায়ের সংসদ সদস্য বলেন, ‘আমাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে আবারও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান প্রার্থী হিসেবে থাকবেন। আপনারা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ এ সময় মঞ্চে এমপির পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদারকে সবার আগে হাততালি দিতে দেখা যায়। পুরো বক্তব্য জুড়েই এমপির রাজনৈতিক বক্তব্যকেও সমর্থন জানিয়ে তিনি মুহুর্মুহু করতালি দিয়েছেন। ইউএনওর সঙ্গে  অন্যরা করতালি দিলেও থানার ওসি করতালিতে অংশ নেননি। এ বিষয়ে ইউএনও গোলাম রব্বানী বলেন, ‘তাহলে লিখে দেন এমপির সঙ্গে ইউএনও নির্বাচনী প্রচারে। আপনি শোনেন, এভাবে বলেন যে, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ, ঠিক আছে? নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ। তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেনÑ যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?