কানাডায় ভিসা জালিয়াতি পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে

কানাডায় জাল নথিপত্র এবং মিথ্যা তথ্য ব্যবহার করে একটি বড় ধরনের ভিসা জালিয়াতি চক্র পরিচালনার অভিযোগে পাঁচজন বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি। এই তদন্তের মাধ্যমে সাময়িক আবাসিক ভিসা (ভিজিটর ভিসা) পাওয়ার চেষ্টায় জড়িত আরও ২০৯ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। সিবিএসএর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভ্যালিফিল্ড আদালতে অভিযুক্ত চার ব্যক্তি রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাচ্ছার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম উপস্থিত হন। অপর অভিযুক্ত মো. রকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনার সূচনা হয় ২০২৪ সালের ৩ জুলাই, যখন সিবিএসএ মেরসিয়ার শহরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা একটি আবাসিক বাড়িতে তল্লাশি চালান। সেখানে অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের (আইআরপিএ) কয়েকটি লঙ্ঘন দেখা গেলে আগস্ট মাস থেকে সিবিএসএ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, অভিযুক্তরা কানাডিয়ান নাগরিকদের ভুয়া হোস্ট বানিয়ে ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য মোট ২৪৩টি ভিজিটর ভিসার আবেদন জমা দিয়েছিলেন।