ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী। গতকাল শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও মেট্রোরেলের কার্ডসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ সময় ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী হাতে আঘাত পেয়েছেন।

শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি প্রয়োজনে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে সকালে তারা আজিমপুর থেকে অটোরিকশাযোগে কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা হন।

তাদের বহনকারী অটোরিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়।

মুহূর্তের মধ্যে মালামালসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।