বাঁশখালীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুজন এবং ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বাঁশখালী থানার অপারেশন কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৮ নম্বর ওয়ার্ডে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক পাকা সড়কে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী কক্সবাজারের রামু উপজেলার কুনিয়া পালং ইউনিয়নের কেছুবনিয়া এলাকার রহমত উল্লাহ ও সোনামেহেরের ছেলে মো. ইয়াছিন (২৬) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহ দৌলতপুর এলাকার মৃত আবু জাফর ও বিউটি আক্তারের ছেলে সুমন হোসেনকে (৩০) আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, সুমন হোসেন বর্তমানে রামুর কুনিয়া পালং ইউনিয়নের তেলখোলা এলাকার ১ নম্বর ওয়ার্ডে হুমায়ন পিয়নের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।

অন্যদিকে, বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের নাপোড়া মীরপাড়া ৮ নম্বর ওয়ার্ডে মো. সাঈদের (৫৫) বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সাঈদ ওই এলাকার মৃত কামাল উদ্দিন ও মাসুদা খাতুনের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, পৃথক অভিযানে মাদক উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।