টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল রয়েছে। সাইবার নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু রয়েছে।
এর আগে বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। টানা তিন দিন ওয়েবসাইটে প্রবেশ করতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ছিল। ওয়েবসাইট বন্ধ থাকার কারণে ব্যাংকগুলোর আর্থিক লেনদেন বা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নিয়মিত কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানানো হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নির্দেশনা, প্রজ্ঞাপন, নীতিমালা, পরিসংখ্যান ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। ফলে ওয়েবসাইটটি পুনরায় চালু হওয়ায় এসব তথ্য ও সেবা ব্যবহারের সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।