এমবাপ্পেকে না চেনা ‘অন্ধের সমান’ 

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ 'এল ক্লাসিকো'র দামামা বাজতে শুরু করেছে। সেই মহারণ সামনে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে মাঠের বৈরিতা ভুলে প্রতিপক্ষের সবচেয়ে বড় আক্রমণাত্মক অস্ত্র কিলিয়ান এমবাপ্পেকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা মিডফিল্ডার গাভি। রিয়াল মাদ্রিদ তারকার ফুটবলীয় দক্ষতার প্রশংসা করে গাভি সাফ জানিয়ে দিয়েছেন, ফ্রান্সের এই ফরোয়ার্ডের মান ও ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

লা লিগার দশম রাউন্ডে ক্যাম্প ন্যু-তে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হান্সি ফ্লিকের দল। এর আগে ক্রীড়ামাধ্যম ‘ইএসপিএন’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে সতর্কবার্তা ও শ্রদ্ধা, উভয়ই জানিয়েছেন তরুণ স্প্যানিশ তারকা গাভি। 

২১ শতকের ফুটবলে এমবাপ্পে প্রভাব তুলে ধরে তিনি মন্তব্য করেন, ‘সবাই জানে যে এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সত্যি বলতে, তার খেলা দেখার অভিজ্ঞতা যেকোনো ফুটবলপ্রেমীর জন্যই উপভোগ্য। খেলার দিক থেকে বিচার করলে সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এবং আমি ব্যক্তিগতভাবে সব সময়ই তাকে খুব পছন্দ করি।’ 

চলতি মৌসুমে দলগত ট্রফি বা ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পের সাম্প্রতিক ভাগ্য নিয়ে নানা আলোচনা হলেও, গাভির দৃষ্টিতে তা ফরাসি তারকার শ্রেষ্ঠত্বকে এতটুকু ম্লান করে না। তিনি মনে করেন, বড় কোনো শিরোপা না পাওয়ার পেছনে দলের পারিপার্শ্বিক পরিস্থিতিও ভূমিকা রাখে। এই প্রসঙ্গে কাতালান ক্লাবের মিডফিল্ডার বলেন, ‘এমবাপ্পে গোল করেই চলেছে, কিন্তু শিরোপা জয়ের ক্ষেত্রে হয়তো সেভাবে ভাগ্যকে পাশে পায়নি। তবে তা সত্ত্বেও সে যে বিশ্বের সেরা তারকাদের একজন, তা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে। যে এটি দেখতে চায় না বা স্বীকার করে না, সে আসলে অন্ধ, তাই নয় কি? শিরোপা জয় দলের সামগ্রিক পরিস্থিতি ও সতীর্থদের ওপরও নির্ভর করে। ট্রফি না জেতার অর্থ এই নয় যে তার মৌসুম খারাপ কেটেছে। আমার মতে, সে এক অসাধারণ মৌসুম কাটিয়েছে।’ 

তবে রিয়াল ফরোয়ার্ডের প্রতি অপরিসীম শ্রদ্ধা থাকলেও বর্ষসেরার মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জন্য নিজের ক্লাব সতীর্থকেই এগিয়ে রাখছেন গাভি। এমবাপ্পের প্রশংসা শেষ করে ইয়ামালকে নিয়ে গাভি বলেন, ‘এমবাপ্পে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, আমি আশা করি আমার সতীর্থ লামিন ইয়ামালই ব্যালন ডি’অর জয় করবে।’ 

আজকের এই হাইভোল্টেজ ক্লাসিকোয় এমবাপ্পের ক্ষিপ্রতা বার্সেলোনা রক্ষণের জন্য চরম হুমকির কারণ হতে পারে, এমন ভাবনা থেকে পুরো ম্যাচজুড়ে ফরাসি ফরোয়ার্ডকে কড়া পাহারায় রাখার তাগিদও দিয়েছেন গাভি।