জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে মুছা মিয়া নামে এক ধর্ম শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে মক্তবের ধর্ম শিক্ষক ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ১৫ বছর বয়সী এক ছাত্রীকে মসজিদের ভেতরে কৌশলে ধর্ষণ করেন মুছা মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আসামির উপস্থিতিতে রবিবার আদালত এ রায় ঘোষণা করেন।