জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের জামালপুরে নেওয়া হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।