মুন্সীগঞ্জে খাল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে ১০৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর বাজার থেকে ভাটিমভোগ বাজার পর্যন্ত বিভিন্ন খালে এ অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। এসময় সমুদয় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী এস এম সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিফাত হাসান এবং জৈনসার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, অভিযানে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় জলাশয়ে অবৈধভাবে পেতে রাখা ওই চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ভবানীপুর বাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। তিনি বলেন, জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।