দুই মাস নিখোঁজ রাজবাড়ীর আকাশ

কারখানায় কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য নিচে নামে আকাশ। এর কিছুক্ষণ পর তার চাচাও নিচে নামে। এসময় তিনি দেখতে পান আকাশের টিফিন বাটিটি নিচে সিঁড়িতে পড়ে আছে। এরপর আশপাশে খোঁজাখুঁজি করে আর তাকে পাওয়া যায় না। ঘটনার দুই মাস পার হলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি ১৮ বছর বয়সী এই তরুণের। সন্তানকে না পেয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারের সদস্যরা।

আকাশ মন্ডল রাজবাড়ী সদরের ধুনচি গ্রামের আইয়ুব আলী মন্ডলের ছেলে। নিখোঁজের পর ২৩ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আইয়ুব আলী।

তাছাড়া নাতি নিখোঁজ হওয়ার খবর সহ্য করতে না পেরে আকাশের দাদা মোজাহার মন্ডল হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। 

আকাশের পরিবারের ভাষ্য, আকাশ রাজবাড়ী শহরের ১নম্বর রেলগেইট সংলগ্ন নজরুল মার্কেটের চতুর্থ তলায় একটি কোট প্যান্টের কারখানায় কাজ করতেন। সেখানে তার আপন চাচা ও এলাকার অন্যান্যরাও কাজ করেন।

আকাশের চাচা তৈয়ব আলী মন্ডল বলেন, গত ২২ আগস্ট কাজ শেষে রাত ৯টায় বাড়ি ফেরার জন্য কারখানা থেকে নিচে নামে আকাশ। কিছুক্ষণ পর আমি নামে। এ সময় আকাশের খাবারে বাটি নিচে সিঁড়ির ওপরে পরে থাকতে দেখতে পান। এসময় আশপাশে আকাশকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাড়িতে গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেন। কোথায় না পেয়ে পরেরদিন আকাশের বাবা থানায় একটি জিডি করেন। এখন পর্যন্ত আকাশের কোথায় খোজঁ মেলেনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নিখোঁজ সংক্রান্ত একটি জিডি পাওয়া গেছে। আমরা তদন্তে জানতে পেরেছি সে রাগ করে চলে গেছে। তার সঙ্গে কোন মোবাইল ফোন নেই। পুলিশ সাধ্যনুযায়ী কাজ করছে।