চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবই অনুমোদন

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক চারটি পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক দুটি সভায় পাঠ্যপুস্তকগুলোর অনুমোদন দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তক অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন দুটি পাঠ্যপুস্তক অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্য সভায় অংশ নেন।