হাতীবান্ধা সীমান্তে বাঘের হামলা, আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। 

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম। নজরুল ইসলামের বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে সেটিকে ঘাস খেতে দেখেন। ছাগলটির কাছে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। পরে বাঘটির হামলায় আরও দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান।

হাতীবান্ধা হাসপাতালের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান বলেন, বাঘের আক্রমণে আহত তিনজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর থেকে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন বলেও জানান তিনি।

বিজিবি জানায়, রবিবার বিকেল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে তিনজনকে আহত করে। খবর পেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৫ বিজিবির অধিনায়কসহ বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান করছে।

বাঘটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।