হত্যাচেষ্টার মামলায় আরও দুই দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার পুনরায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

রবিবার (২৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) সুমন মিয়া দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। 

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত বুধবার উত্তরা পশ্চিম থানার আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। হাসিনাকে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদ কায়েম করতে অর্থের জোগান দিয়েছেন। মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তাদের নাম-ঠিকানা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টার এ মামলাটি করেন।