কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিএমজেপির শুভেচ্ছা

পবিত্র কোজাগরী লক্ষ্মীপূজা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশের সকল সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর সভাপতি সুকৃতি কুমার মণ্ডল ও মহাসচিব দিলীপ কুমার দাস।

রবিবার (২৫ অক্টোবর) এক যৌথ শুভেচ্ছা বার্তায় বিএমজেপি নেতৃবৃন্দ বলেন, আবহমানকাল ধরে এই বাংলায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো মানুষের মন থেকে সংকীর্ণতা দূর করে পারস্পরিক মেলবন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

বার্তায় উৎসব দুটির তাৎপর্য তুলে ধরে বলা হয়, শান্তি, সমৃদ্ধি ও আলোর প্রতীক দেবী লক্ষ্মীর আরাধনার এই দিনে দেশের প্রতিটি নাগরিকের জীবন সুখ, শান্তি ও প্রাচুর্যে ভরে উঠুক। অন্যদিকে, আত্মশুদ্ধি, সংযম, ক্ষমা ও ত্যাগের মহান শিক্ষা বহন করে প্রবারণা পূর্ণিমা। গৌতম বুদ্ধের অহিংসা ও মানবকল্যাণের বাণী সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যকার দূরত্ব ঘুচাতে গভীর প্রেরণা যোগায়।

বাংলাদেশ একটি বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, এ দেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ও অধিকার রয়েছে। সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দলটির পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমা ও কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।