বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে নিয়ে চক্ষুসেবা ও পুনর্বাসন কর্মসূচি

চট্টগ্রামের বাঁশখালীতে ছয় শতাধিক মানুষের অংশগ্রহণে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসচেতনতা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৫ অক্টোবর) বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন। লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর আওতাধীন এ কার্যক্রমে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ছানি অস্ত্রোপচারের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম।

কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়ার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

পুনর্বাসন সহায়তার আওতায় অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকা নির্বাহে গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে ঢেউটিন দেওয়া হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।

এ ছাড়া সালমা-আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, লায়ন্সের সদস্যরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

লায়ন সালমা আদিল বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাঁদের লক্ষ্য। মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসাসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা এবং ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।