সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রেমিট্যান্স পাঠানোর আহ্বান মাহদী আমিনের

বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার রোধে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সৌদি আরবের মক্কায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সেগুলোর সমাধান ও করণীয় নিয়ে বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গতকাল মক্কার সাফওয়া হোটেলের বলরুমে এ সভার আয়োজন করে মক্কা বিএনপি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ চলছে।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম।

সভায় সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলের অপপ্রচার মোকাবিলা, অনিয়মিত প্রবাসীদের বৈধকরণ এবং সৌদি আরব ও ইয়েমেনের উত্তেজনার কারণে বিমান চলাচলে সৃষ্ট সমস্যায় বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরবে ফেরানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দূতাবাস ও কনস্যুলেটে পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে প্রবাসীদের কনস্যুলার সেবা সহজ করতে বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, মক্কা বিএনপির সহসভাপতি রাশেদ আমিন চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল আহমেদ এবং সাংবাদিক কামাল পারভেজ অভি ও তারিক আজিজ চৌধুরী প্রমুখ।