দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রাস্তার বিরোধ মেটানোর সময় এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আসাদুজ্জামান নামের একজনকে আটক করেছে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচ-ী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোল্লাপাড়া গ্রামে মৃত আজিজুল মাস্টারের বসতবাড়ি-সংলগ্ন রাস্তা নিয়ে আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে ওই জমি ও রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মনোরঞ্জন রায়ও উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে দুপক্ষের মধ্যে তুমুল বাগবিত-া শুরু হয়।
এ সময় মনোরঞ্জন রায় উভয় পক্ষকে শান্ত করার ও থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান ও তার লোকজন লাঠি দিয়ে মনোরঞ্জনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আব্দুল ওয়াদুদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত আসাদুজ্জামানকে আটক করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।