ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালকের দরবার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা ও সেবাকাজের গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

গতকাল রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সকাল সাড়ে ৯টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।

নিজের কর্মজীবন থেকে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে ফায়ার সাভিসের মহাপরিচালক ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজ ও সার্বিক মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং তাদের পেশাদারত্বের সঙ্গে অপারেশনাল কাজে নিয়োজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।

এরপর মহাপরিচালক দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি পর্যায়ক্রমে যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন।