মহিলা সমিতি মিলনায়তনে প্রণোদনা পুনর্বহালের দাবি

রাজধানীর নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি জানিয়েছেন নাট্যাঙ্গনের ১০১ জন নাট্যকার, নির্দেশক, অভিনয়শিল্পী, শিক্ষক ও সংস্কৃতিকর্মী।

গতকাল রবিবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, আগে এই মিলনায়তনে এক শিফটে নাটক মঞ্চায়নের জন্য ভাড়া ছিল ৫ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০০ টাকা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় নাট্যদলগুলোকে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। এতে আর্থিক চাপে পড়েছে দলগুলো এবং মিলনায়তনটিতে নাটক মঞ্চায়নের আগ্রহ কমছে।

বিবৃতিদাতারা জানান, ২০১৭ সালের জুনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ খাতে বিশেষ বরাদ্দ দেওয়া শুরু হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ২০২৫-২৬ অর্থবছরে কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

বিবৃতিতে নাট্যচর্চার এই গুরুত্বপূর্ণ মঞ্চে প্রদর্শনী অব্যাহত রাখতে অবিলম্বে সরকারি প্রণোদনা পুনর্বহাল এবং নাট্যদলগুলোর আর্থিক চাপ কমাতে সামগ্রিক প্রণোদনার পরিমাণ বাড়ানোর দাবি জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ, অভিনয়শিল্পী ও নির্দেশক সারা যাকের, নাট্যকার, নির্দেশক ও অভিনয়শিল্পী মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, নাট্যজন অধ্যাপক আব্দুস সেলিম, অভিনয়শিল্পী ও নির্দেশক মোহাম্মদ বারীসহ ১০১ জন।