টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় ‘ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভাইস প্রিন্সিপাল মোসলেম আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত এ আদেশ দেয়।

এর আগে যৌন নিপীড়নের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে গত বৃহস্পতিবার বিকেলে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন বলেন, ‘আসামির পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন করা হয়। কিন্তু শুনানিতে মামলার পারিপার্শ্বিক এভিডেন্স ও আমাদের বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।’

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহমেদের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এতে শিশুটি আতঙ্কিত হয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে শিশুটি তাদের বিষয়টি জানায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

গত ২১ অক্টোবর উত্তেজিত জনতা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্তকে ঘেরাও করে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা হলে মোসলেমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘এ ঘটনায় গত ২২ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।’