‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী ৭ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করায় আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আবেদন মঞ্জুর করেন। 

গত ২৩ অক্টোবর আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ওই আসামিকে কারাগারে পাঠিয়ে রবিবার শুনানির জন্য দিন ধার্য করে।

আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা, মন্তব্যের নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত কি না, তা বের করা এবং গ্রেপ্তার আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, চক্র বা নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না, তা অনুসন্ধান করা প্রয়োজন।

আদালত সংশ্লিষ্ট বিষয়ে আসামির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘কমেন্টটি মজা করে করেছি। এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমার ভুল হয়ে গেছে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ অক্টোবর ফেসবুকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ইশ একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলে মন্তব্য করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহী মহানগরের পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।